নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাব-১১’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ১ নলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূণ্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত জলদস্যু কমান্ডার মো: বাহার উদ্দিন (৪৩), হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলম’র ছেলে।

আটককৃতরা হলো- রাজবাড়ি জেলার কালিয়া কান্দি থানার মো: শাহাদাত শেখ’র ছেলে মো: শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো: ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো: আবুল হোসেন’র ছেলে মো: মুরাদ (৩০)।

র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬টি আগ্নেয়াস্ত্রসহ আটককৃত ৪ জনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মুজাহিদুল/এমবি