নগরীর ইপিজেড থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৫ জলডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

আটকৃতরা হলেন- বেলাল উদ্দিন (৩০), মনজু (২৫), সুমন (২৮), রুহুল (২০) ও রবিউল (২০)। এদের মধ্যে বেলাল ও মনজুকে প্রথমে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় এলজি, ৮টি রকেট ফ্লেয়ার, ৩ রাউন্ড বন্দুকের গুলি, ৪টি বড় ছোরা, একটি ডুবুরির পোশাক ও হেস্কো ব্লেড উদ্ধার করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর  বলেন, ‘বেধিবাঁধ এলাকায় ডাকাতির উদ্দেশে সংঘটিত হচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা ১২টার দিকে বেলাল ও মনজুকে দুটি এলজি, রকেট ফ্লেয়ার ও গুলিসহ গ্রেফতার করা হয়। পরে দলনেতা বেলালের দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে আবার অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তারা বেড়িবাঁধ এলাকায় মাছ ধরার ট্রলারে জেলেদের কাছ থেকে ডাকাতি করতেন।’

তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

জেআই