নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটালি প্রবাসী সাইদুল ইসলামের বাসায় ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোন সেট, ক্যামেরাসহ ১০/১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন সাইদুলের স্ত্রী শরিফা আক্তার।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সাইদুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার বলেন, ফতুল্লার উত্তর দেলপাড়ার সি ব্লকের ৪ নম্বর রোডের ৪৮ নম্বর বাসাটি তাদের নিজস্ব। রাত পৌনে ৩টার দিকে এই বাসার প্রধান গেইটের তালা ভেঙ্গে ১০/১২ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করেই বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় ডাকারা। এসময় তাদের সবার মুখে মুখোশ পড়া ছিল।
তিনি জানান, তার ইটালিতে যাওয়ার টিকিটের জন্য রাখা নগদ আড়াই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ, একটি ল্যাপটব, একটি ডিজিট্যাল ভিডিও ক্যামেরা ও ২টি আইফোন, চারটি মোবাইল ফোন সেটসহ ১০/১২ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।
ফতুল্লা থানার এসআই কোরবান আলী জানান, বিষয়টি তদন্তে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমরা দেখছি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্বপরিচিতরাই ডাকাতি করতে পারেন।
সাইদুল ইসলামের শ্যালক মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এএইচ





