ঢাকা-১৫ আসনে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ডা. শফিকুর রহমানের মনোনীত পোলিং এজেন্টদের নামের তালিকা জমা, প্রধান নির্বাচনী এজেন্টের আইডি কার্ড সংগ্রহ ও নির্বাচনী কাজে গাড়ী ব্যবহারে অনুমতিপত্র গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে এ্যাডভোকেট হাবিবুর রহমানকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
স্থানীয় প্রশাসনের যোগসাজসে সরকার দলীয় সন্ত্রাসীরা পুরো নির্বাচনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম, ভোট কেন্দ্র দখলের মহড়া, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও বাসাবাড়ী থেকে সিসি ক্যামেরা অপসারণের চাপ দিচ্ছে অভিযোগ করে এ ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে এনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও পুলিশ প্রশাসন ও সরকার দলীয় সন্ত্রাসীদের তান্ডব এখনও অব্যাহত রয়েছে। এমনকি এখন পর্যন্ত নির্বাচনী কর্মীসহ গণগ্রেফতারও বন্ধ হয়নি।
আজ ধানের শীষ প্রতীকের প্রতিনিধি এ্যাডভোকেট হাবিবুর রহমান, পিতা-মাওলানা আব্দুল লতিফ খান পোলিং এজেন্টদের তালিকা দাখিল, প্রধান নির্বাচনী এজেন্টের আইডি কার্ড গ্রহণ ও নির্বাচনী কাজে গাড়ী ব্যবহারে অনুমতি পত্র সংগ্রহের জন্য রিটার্নিং কর্মকর্তা অফিসে গেলে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
এছাড়া কাফরুল থানার ১৪ নং ওয়ার্ডের পশ্চিমাঞ্চলীয় ইস্টার্ন স্কুল, নর্থ সাউথ স্কুল ও আনন্দবাজার আদর্শ স্কুল এলাকায় সরকার দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন কেন্দ্রে ভোট ডাকাতির সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং সে এলাকায় শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ৪ নং ওয়ার্ডের বাইশটেকি এলাকায় সরকার দলীয় সন্ত্রাসী আরিফুল হক বাবু, মুসা, কামাল, টাওয়ার মফিজ, হারুন ও হুমায়নের নেতৃত্বে ৪০/৫০ জন সন্ত্রাসী স্থানীয় ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকী দিচ্ছে এবং তাদের কর্মকান্ডের কোন প্রমাণ যাতে না থাকে সে জন্য প্রতিটি বাড়ীর সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। মূলত তারা অত্র এলাকার দু’টি কেন্দ্র দখল করার জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
ঢাকা-১৫ আসনের পুরো নির্বাচনী এলাকায় একই অবস্থা বিরাজ করছে। ফলে অত্র আসনে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণে মারাত্মক অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
জেড





