বিসিএস প্রশাসন একাডেমির সাবেক মহাপরিচালক সাবেক সচিব গোলাম মোস্তাকিম পরলোক গমন করেছেন।

শনিবার সকালে হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

বড় ছেলে গোলাম মুজতবা ধ্রুব জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। গোলাম মোস্তাকিম ২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান।

একাত্তরে মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির সক্রিয় সদস্য হয়ে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে ভূমিকা ছিল গোলাম মোস্তাকিমের।

তার দুই ভাই গোলাম কিবরিয়া তজো এবং গোলাম দস্তগীর টিটো মুক্তিযুদ্ধে শহীদ হন।

স্বাধীনতা পরবর্তী সময় থেকে ১৯৭৪ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার সৈয়দ মুজতবা আলীর সংস্পর্শে ছিলেন গোলাম মোস্তাকিম। তার লেখা ‘সৈয়দ মুজতবা আলী প্রসঙ্গ অপ্রসঙ্গ’ বইটি বিভিন্ন রেফারেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে পাস করা গোলাম মোস্তাকিম একাধারে জার্মান, ফ্রেন্সসহ অন্তত চারটি ভাষায় কথাবলা এবং লেখায় পারদর্শী ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্বপালন ছাড়াও অর্থ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। স্ত্রী ছাড়াও দুই ছেলে রেখে গেছেন গোলাম মোস্তাকিম।

বড়ছেলে গোলাম মুজতবা ধ্রুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে নিজস্ব প্রতিবেদক এবং ছোট ছেলে গোলাম আইয়ুব অভ্র আইন পেশায় আছেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার সেওতা গ্রামে।

বড় ছেলে গোলাম মুজতবা ধ্রুব জানান, শনিবার জোহর নামাজ শেষে হলি ফ্যামিলি হাসপাতালে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আছর নামাজ শেষে আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গোলাম মোস্তাকিমকে সমাহিত করা হবে।

ঢাকা, জেইউ, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এসএইচ