বন্য প্রাণী সংরক্ষণের অপরাধে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। নগদ টাকা অনাদায়ে আরও তিন মাসের জেল দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, শিমরাইল এলাকায় নূর হোসেনের বাড়িতে গত ১৫ মে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা দুর্লভ প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ ৪১টি বন্য পাখি উদ্ধার করা হয় । এ ঘটনায় একই দিন বন কর্মকর্তা মো. ফজলুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের সাড়ে চার মাস পর আজ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোহাজাদা দেওয়ান।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর এ মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে যান।
জেআই,





