রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিপক্ষের হাত থেকে বন্ধুকে বাঁচিয়ে ছুরিকাঘাতে মো. জাহিদুল হাওলাদার নামে এক কিশোর খুন হয়েছে। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক। জাহিদুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শুক্রবার ( ১৯ মে ) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার নিহতের চাচাতো ভাই আইয়ূব হাওলাদার বলেন, জাহিদুল হাওলাদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোবাড়িয়া গ্রামে। তার বাবার নাম ফোরকান হাওলাদার। সে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় থেকে অন্বেষা ফ্যান কারখানায় শ্রমিকের কাজ করত।

নিহতের বন্ধু আকাশ জানান, শুক্রবার রাত ৮টার দিকে দনিয়া এলাকার একদল কিশোর কাজলা পেট্রোলপাম্প এলাকায় এসে তাদের এক বন্ধু জুয়েলকে তুলে নিতে চায়। এ সময় জাহিদুল হাওলাদার তাকে রক্ষা করতে এগিয়ে যায়। সে এদের কাছ থেকে জুয়েলকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর ওই কিশোররা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

এর আধা ঘণ্টা পর ১৫ থেকে ২০ জন কিশোর অস্ত্রশস্ত্র নিয়ে এসে জাহিদুল হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল হাওলাদারের ভুঁড়ি বেরিয়ে যায়। তাকে উদ্ধার করে পলাশ নামে এক যুবক রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতার ও মামলার প্রস্তুতি চলছে।

এমই