গাজীপুর কালিয়াকৈরে কারাদণ্ডাদেশ প্রাপ্ত মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পলায়নের ৩দিন পর থানায় আত্মসমর্পন করেছেন। আত্মসমর্পণকারীর নাম দেলোয়ার (২৩) বলে জানা যায়।

আত্মসমর্পনের পর দেলোয়ারকে পুলিশ গাজীপুর কোর্টে পাঠিয়েছে।

বুধবার দুপুরে গাজীপুর আদালত আত্মসমর্পণকৃত আসামিকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢালজোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইছামুদ্দিনকে সঙ্গে নিয়ে আসামি থানায় আত্মসমর্পণ করেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।   

প্রসঙ্গত: গাজা বিক্রির দায়ে গত শনিবার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে দেলোয়ার হোসেন  ও লিটন মিয়া নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের ৬ মাসের কারাদণ্ড দেন।

পরে কনষ্টেবল আলমগীর ও কনষ্টেবল রফিক তাদের গাজীপুর জেল হাজতে নিয়ে গেলে কাগজ পত্রে ত্রুটি থাকায় কোর্ট থেকে থানায় ফেরত পাঠানো হয়।

জয়দেবপুর থেকে লেগুনা টেম্পু যোগে (ঢাকা মেট্রো চ-১১-০৭০৭) কালিয়াকৈর ফেরৎ নেওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে দেলোয়ার হাতকরাসহ পালিয়ে যায়।

আসামিদের বহনকারী লেগুনা টেম্পুর চালক হুমায়ুন কবীর জানায়, আসামিদের অনুরোধে তাদের বাধন হালকা করে দেওয়া হয় এবং আসামি পলায়নের সময় কনষ্টেবল দু’জনই ঘুমিয়ে ছিলেন। দেলোয়ার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকার ইয়ার উদ্দিনের ছেলে ও লিটন একই এলাকার নাসির হোসেনের ছেলে। ওই ঘটনায় অভিযুক্ত কনস্টেবলদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

শুক্রবার রাতে ওই দুই ব্যবসায়ী মাদক বিক্রি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলিয়াদি বাজার এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে শনিবার বিকেলে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত জাহান তাদের ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ