লোক সাহিত্যের এক অনন্য সম্পদ ‘মৈমনসিংহ গীতিকা ২০১৫’ প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘মৈমনসিংহ গীতিকা প্রকাশনা উৎসব ২০১৫’ অনুষ্ঠানে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এই জন্য এমন লোকের প্রয়োজন যার জ্ঞানের আগ্রহ থাকে। কারণ জ্ঞান ছাড়া উন্নয়ন হয় না। তাই জ্ঞানের পরিধি বাড়াতে হবে। মৈমনসিংহ গীতিকার মতো আরো অনেক বই আছে এগুলো পড়তে হবে। এই বইটি পড়লে জ্ঞানের আরো সমৃদ্ধি ঘটবে।
সবাইকে মৈমনসিংহ গীতিকা বইটি পড়ার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আজ আমাদের ছেলেমেয়েরা পাঠ্যবইয়ের বাইরে কোনো কিছু পড়তে চায় না। তারা জিপিএ-৫ এর নির্যাতনে ভুগছে।
তিনি বলেন, প্রকৃত পক্ষে জিপিএ-৫ মানেই শিক্ষিত নয়; পাশাপাশি মৈমনসিংহ গীতিকার মতো দেশের সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। কারণ যারা সফল ব্যক্তি সবাই জিপিএ-৫ পায়নি। তাই আমাদের ভালো ছাত্র হলেই হবে না; পাশাপাশি আরো অনেক ভালো কিছু করতে হবে। অর্ধশিক্ষিত নয়, শিক্ষিত জাতি হতে হবে।
ফোরামের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ফোরামে নির্বাহী সভাপতি প্রকৌশলী মুহম্মদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী প্রমুখ।
কেএইচ





