ঝিনাইদহের মহেশপুরে জমি দখল কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে মহেশপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডের জমিদারপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সে সময় একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে শামছুল হকের স্ত্রী মরিয়ম বেগম (৪০), আব্দুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা খাতুন, রাকিব উদ্দিনের স্ত্রী রাজেদা খাতুন (২৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রীনা খাতুন (২৪), সামছুল হক (৬৬) ও আব্দুস সাত্তারকে (৬৭) মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আতিয়ার রহমানের স্ত্রী কোহিনুর বেগম (৩৮), হামিদুল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুনকে (৬০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমিদারপাড়ার মুন্সি ফেরদৌস ওরফে ফিরোজ ও হামিদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।সম্প্রতি মুন্সি ফেরদৌস বিরোধপূর্ণ জমি থেকে ১০ শতক জমি মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দান করেছেন।

সকালে মুক্তিযোদ্ধারা ওই জমির দখল নিতে গেলে দু’পক্ষের তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ, হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।
এমই