সাভারের আশুলিয়ায় উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে থাকা উগ্রবাদীদের আত্মসমর্পণের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় ওই বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তবে এখনো মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে। র্যাব কর্মকর্তা জানান,আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে র্যাবের অভিযানের মুখে ভেতর থেকে প্রতিরোধ গড়ে তুলেছে বাড়ির বাসিন্দারা। তবু আইনশৃঙ্খলা বাহিনী বাড়ির ভেতরে থাকা উগ্রবাদীদের আত্মসমর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ রোববার সকালে সাংবাদিকদের র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান জানান, বাড়িটির চারপাশে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। বোমাও ছোড়া হয়।
মুফতি মাহমুদ খান বলেন, চূড়ান্ত অভিযানে আমরা সার্বিকভাবে চেষ্টা করব তাদের যেন আত্মসমর্পণ করে। সে প্রক্রিয়াটাই এখনো চলছে।
বাড়ির মালিকের বরাত দিয়ে মুফতি মাহমুদ জানান, আজাদ নামের এক ব্যক্তি তৈরি পোশাক শ্রমিক পরিচয় দিয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন।
এর আগে রাত ৩টার দিকে প্রথম বাড়ির ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। সকালেও একইভাবে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটে।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার ওই বাড়ি ঘিরে ফেলেন র্যাব সদস্যরা। বাড়িটির মালিক ইব্রাহিম নামের এক ব্যক্তি।
এমই





