ঢাকার মিরপুরের কাজীপাড়ায় বিকাশের এজেন্টকে গুলি করে দশ লাখ টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা। এতে  ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর ১০ নম্বরে রোকেয়া সরণীতে ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, এআইডি ডিস্ট্রিবিউটর-এর সেলস এজেন্ট আবুল কালাম নামে ছিনতাইয়ের শিকার হওয়া ওই ব্যক্তি মিরপুর ১৪ নম্বর সেকশনের নিজ অফিস থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে ১০ নম্বর সেকশনের ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকের কাছে পৌঁছালে পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।
এ সময় আবুল কালাম হাতে ও পাঁজরে গুলিবিদ্ধ হয়। এছাড়াও পাশ দিয়ে যাওয়া সাইদুর রহমান নামে একজন প্রাইভেটকার চালকও গুলিবিদ্ধ হন। 
গুলিবিদ্ধ দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের অফিসার ইন চার্জ এসআই ফজলুর রহমান সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করেছেন বলে জানিয়েছেন।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]