সাভারে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এতে আহত হয়েছে উভয় গ্রুপের অন্তত পাঁচজন ।
বুধবার সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে কর্ণপাড়া এলাকার মুজিবুর রহমান নামের এক ব্যবসায়ীর কাছ থেকে তিন শতাংশ জমি ক্রয় করেন উলাইলের স্থানীয় হোটেল ব্যবসায়ী শামিনুর রহমান।
কিছুদিন ধরে ওই তিন শতাংশ জমি নিজেদের বলে দাবি করেন ঢাকার মোহাম্মদপুরের ব্যবসায়ী মো সোহাগ আহমেদ । এর ধারাবাহিকতায় সকালে ওই জমি দখলের জন্য জমিতে থাকা হোটেল আল মাদানিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন সোহাগ আহমেদের লোকজন।
এতে হোটেলের কর্মীরা বাধা দিতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক চন্দ্র শাহা জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দুপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বিবদমান দুপক্ষকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএইচ





