বরিশালে সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৭ যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বৈরাগীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—আক্তার হোসেন (৫৫), আনিছ হাওলাদার (৪০), মো. রিয়াজ হোসেন (২২), আব্দুল হক হাওলাদার (৪০),তামিম হোসেন (২০), নাজমিন আক্তার (২১), তপন দাস (৩০), মো. নাসির উদ্দিন (২৫), মোকছেদ তালুকদার (৫৫), সীমা আক্তার (২২), মিনি আক্তার (২০), মনোয়ারা বেগম (৫৫), মাকসুদা বেগম (৫০), এনায়েত হোসেন (৪০), আব্দুর রব সিকদার (৪৫), আবু সালেহ আহম্মেদ (৩০) ও নাজমুন্নাহার কলি (৩০)।
সাহেবহাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, জুঁই পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো-চ-০১৯৫) বাকেরগঞ্জের নেহালগঞ্জ থেকে বরিশালের চরকাউয়া খেয়াঘাটে যাচ্ছিল।
বৈরাগীর পুলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এমকে





