রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে পরিচিত তাজ মঞ্জিলে সোয়াটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির ময়না তদন্ত বুধবার (২৭ জুলাই) সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত পৌনে আটটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জঙ্গিদের মরদেহ মর্গে আসার পরপরই আমরা ৯টি মরদেহ ভালো করে দেখি। মরদেহগুলোতে গুলির চিহ্ন দেখতে পাই। পুলিশের সুরতহাল রিপোর্ট আমাদের কাছে না আসায় ময়না তদন্ত করা যায়নি’।
বুধবার তিনজন ডাক্তারের উপস্থিতিতে ময়না তদন্ত সম্পন্ন করা হবে।
এ সময় ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস, ডা. কবির সোহেল উপস্থিত থাকবেন বলেও জানান ডা. সোহেল মাহমুদ।
কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়িটিতে সোমবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত যৌথ বাহিনীর স্টর্ম-টোয়েন্টি সিক্স অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। হাসান নামে আহত এক জঙ্গি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে ১৩টি স্থানীয়ভাবে তৈরি গ্রেনেড, ১৯টি ডেটোনেটর, ৭.৬২ বোর রাইফেল, কিছু ম্যাগজিন, তলোয়ার, ছুরি, হাতুড়ি, চাপাতি, আল্লাহু আকবর লেখা দু’টি কালো পতাকা, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।
এমআইএস





