বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদে নির্বাচনে দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষ হয়েছে।
আইনজীবী সমিতি মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্রের ৪৩টি বুথে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়।
পরে প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো. হারুর-অর রশীদ সাংবাদিকদের বলেন, 'এবার ভোট ভালো হয়েছে। উপস্থিতিও অনেক। রাত থেকেই গণনা শুরু করা হবে।'
তিনি বলেন, মোট ৫ হাজার ৩৪ জন ভোটারের মধ্যে এবার ৩ হাজার ৯২১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোট গণনা শুরু হতে পারে। শুক্রবার সকাল নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে।
এবার কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে মূল লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মধ্যে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই প্যানেলে সহসভাপতি পদে মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রমজান আলী শিকদার, সহসম্পাদক পদে এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচনে লড়ছেন।
এছাড়া এই প্যানেল থেকে সদস্য পদে লড়ছেন কুমার দেবুল দে, খান মোহাম্মদ শামিম আজিজ, মো. আবদুল আজিজ মিয়া মিন্টু, মো. হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাসরিন সিদ্দিকা লিনা ও সাহানা পারভিন।
অপরদিকে, বিএনপি সমর্থিত নীল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক (টানা তিনবার নির্বাচিত) ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এই প্যানেল থেকে সহসভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নী ও মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহসম্পাদক পদে শহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল প্যানেল থেকে সদস্য পদে লড়ছেন মমতাজ বেগম বিউটি, মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান সম্রাট, নাসির উদ্দিন আহমেদ অসীম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম ও এস কে তাহসিন আলী।
দুই প্যানেলের বাইরে সভাপতি পদে লড়ছেন ড. মো. ইউনুস আলী আকন্দ, সাধারণ সম্পাদক পদে খন্দকার মো. খুরশিদ আলম ও মো. আবুল কালাম আজাদ এবং সহসম্পাদক পদে ফেরদৌসী।
এম আর





