রাজধানীর ডেমরায় কুলসুম আকতার (১৯ ) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবর আলীকে আটক করেছে পুলিশ।
ডেমরার চারুলিয়া ব্যাংক কলনীর একটি বাসায় সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কুলসুমের স্বামী বাবর আলী জানান, তাদের বাড়ি মেহেরপুর জেলার ইসলামপুর এলাকায়। ডেমরা চারুলিয়া ব্যাংক কলনীতে তারা ভাড়া থাকেন।
তিনি রাজমিস্ত্রির কাজ করেন। সকালে কাজে বের হন বাবর। রাত এগারোটায় বাসায় ফিরে দেখেন তার স্ত্রী গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তিনি। রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমকে





