মোহাম্মদপুর রিংরোড এলাকায় ককটেলের আঘাতে শওকত আলী (৫০) নামের এক রিক্সা চালক আহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকায় ভাড়া থাকেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদপুর থানার এসআই রবিউল জানান, এধরনে ঘটনা আমাদের জানানাই। তবে আমরা খোঁজ নিয়ে দেখছি।
আহত রিক্সা চালকের ছেলে মাসুদ রানা জানান, বিকালে মোহাম্মদপুর রিংরোডে সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণ হয়। এসময় সেখান দিয়ে যাওয়ার পথে তার বাবা গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ককটেল বিস্ফোরণে শওকত আলী পেটে, বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
এআই/এএইচ





