এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদান ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিও জানায় সংগঠনটি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন বলেন, ‘অন্য সরকারি কর্মচারীদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত না করে সরকার বিমাতাসূলভ আচারণ করছে। একদিকে জাতীয় বেতন স্কেলভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারী পে-স্কেল পাবেন, অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হবেন। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।’
তিনি বলেন, ‘দেশের ৯৮ ভাগ শিক্ষার দায়দায়িত্ব বহন করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের পে-স্কেল থেকে বঞ্চিত করে শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই আমাদের এ দাবি মেনে নিন।’
তিনি আরও বলেন, ‘সরকার মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ৬ মাস আটকে রেখেছে। তিনি অসুস্থ হওয়ার পরও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য বাবু অজিত কুমার সরকার, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এএইচ





