নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দড়িকান্দি এলাকার আবুল কালাম (৩৯) ও তার ভাই আবুল আজাদ (৩৩) এবং গঙ্গানগড় এলাকার ফজর আলী। ফজর আলী ও আবুল আজাদকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আবুল কালামকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে দড়িকান্দি এলাকার একটি চায়ের দোকানে আবুল কালাম, আবুল আজাদ, ফজর আলীর সঙ্গে বাবু, সাত্তার, জহিরুল, নুরার তর্ক ও হাতাহাতি হয়।

ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর আড়াইটার  দিকে বাবু, সাত্তার, জহিরুল, নুরাসহ ১০/১২ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ফজর আলীকে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

ফজর আলীকে বাঁচাতে এগিয়ে এলে আবুল কালাম ও আবুল আজাদকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

এমবি