রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ ৬ জনকে আটক করেছে র্যাব। বুধবার গভীর রাতে শেরেবাংলা নগরে কিডনি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- রাহিদুল ইসলাম (২৫), রাকিবুল হাসান সুজন (২৭), ইমরান ফকির (২২), শামিম বারি (২২), হারুন বেপারি (৩৫) ও লিটন (২৬)।
র্যাব-২-এর মিডিয়া অফিসার এএসপি ফিরোজ কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। শেরেবাংলা নগর এলাকায় এর আগেও তারা চুরি করেছে।
তিনি আরো বলেন, বুধবার রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে জানতে পেরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি এবং রশি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়টি স্বীকার করেছে।
এমএনজে





