কক্সবাজারের মাদক অধ্যূষিত শহর টেকনাফে পৃথক অভিযানে ২ কোটি ৬৪ লাখ টাকার ৮৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই সময় দুই মিয়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মিয়ানমার মংডু সুদারপাড়া এলাকার হাফিজুরের ছেলে মো. রহমত উল্লাহ ও মংডু কাউয়ারবিল এলাকার মো. জাহিদুলের ছেলে মো. নুরুল আমিন।

২ বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের অধীনস্থ বিওপির নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর আলুগোলা প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ রহমত ও নুরুলকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। তিনি জানান, উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, অপরদিকে একই রাতে বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী সংলগ্ন ১নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসমূহ বিজিবি ব্যাটলিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

জেড