বগুড়ার গাবতলীতে ঘোষিত ডিলারশীপ বাতিল ও দায়েরকৃত এক মিথ্যা মামলায় যুবলীগ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং ইউএনও, এ্যাসিল্যান্ড, ফুড অফিসারের অপসারণের দাবীতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারদলীয় নেতাকর্মীরা।
অপরদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ভাংচুর ও ফুড অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় থানায় মামলা দায়ের, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। পুলিশ যুবলীগের ৩ জন নেতাকর্মী’কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে।

জানাগেছে, গত রবিবার সকালে গাবতলীতে ডিলার নিয়োগের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব, সদস্য সচিব ফুড অফিসার আবুল কালাম আজাদ এবং ডিলার যাচাই-বাছাই কমিটির আহবায়ক এ্যাসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন। এতে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে ফুঁসে ওঠেন বঞ্ছিত ডিলার আবেদনকারীরা।
তাদের অভিযোগ, ইউএনও, এ্যাসিল্যান্ড ও ফুড অফিসার আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়ম করে গোপন সিদ্ধান্তের ভিত্তিতে অযোগ্য আবেদনকারীদের ডিলার নিয়োগ করেছেন।
বঞ্ছিত আবেদনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষনা করে ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও সৈনিকলীগের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বুলেটসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও সৈনিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.jpg)
অপরদিকে ফুড অফিস ভাংচুর ও অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার একেএম আজাদ বাদী হয়ে ১৯জনের নাম উল্লেখ এবং ১৫/২০জনকে অজ্ঞাত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আই.ও এসআই আহসান মামলায় অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। এরা হলো গাবতলীর উনচুরখী গ্রামের মৃত আঃ জলিলের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহাগ (৩৪), উপজেলার চাকলা গ্রামের মৃত আফছার প্রাং এর ছেলে পৌর যুবলীগের সহ-সভাপতি আঃ হান্নান (৩৪) এবং সোন্দাবাড়ী গ্রামের আঃ বারীর ছেলে পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন (২২)।
এদিকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ভাংচুর ও ফুড অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় গতকাল দুপুরে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে, প্রতিবাদ সভা, মানববন্ধন এবং উপজেলা পরিষদের ইছামতি হলরুমে সংবাদ সম্মেলন করেছে।
এসএম





