করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে চার মাস স্থগিত থাকার পর এয়ার বাবল ব্যবস্থার আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ফ্লাইট চলাচল।

এ সময় ঢাকা শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২০৫ ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। একই দিন ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা এবং ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় আসার কথা রয়েছে। তিনটি ফ্লাইট ফিরতি যাত্রী বহন করে আজই নিজ নিজ দেশে ফিরবে।

এর আগে গতকাল (০৪ সেপ্টেম্বর) শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়।

সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দুই দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার (৫ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দু’টি ফ্লাইট পরিচালনা করবে তারা। এছাড়া ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ০৮ সেপ্টেম্বর। সপ্তাহে রোববার ও বুধবার দু’টি ফ্লাইট পরিচালনা করা হবে এই রুটে।

করোনা মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। মহামারিতে ভারত বিপর্যস্ত হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয় বিমান চলাচল। দুই দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ০৪ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে গত ২৮ আগস্ট বেবিচককে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক চিঠিতে ০৩ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরুর প্রস্তাব দেওয়া হয়।

এমবি