রাজধানীতে পুলিশের গুলিতে ফেরদৌস ইসলাম নামে (৪০) এক ডিশ ব্যবসায়ী আহত হয়েছেন।
রোববার রাত আড়াইটার দিকে কলাবাগানে ভূতের গলি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘রাতে আমরা জামে মসজিদের সামনে টহলে ছিলাম। এ সময় মোটরসাইকেলে আসা ফেরদৌস আলম টহল পুলিশকে কটাক্ষ ও গালিগালাজ করেন। নিজেকে পুলিশ দাবি করে গুলি ছোড়ার হুমকি দেন ওই মোটরসাইকেল আরোহী।’
এসআই আরও বলেন, ‘টহল পুলিশ ফেরদৌসের পিছু নিলে পুলিশকে লক্ষ্য করে সে দুই রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করলে তা ফেরদৌসের পায়ে বিদ্ধ হয়।’
আহতের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এসআই আরও জানান, ফেরদৌস মিরপুর এলাকায় ডিশব্যবসা করেন। তার অস্ত্রের বৈধতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এআর





