সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় কিশোরীকে (১৪) ধর্ষণের মামলায় ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজুকে (১৮) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাতে র্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল (শুক্রবার) রাতে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। কিশোরীকে এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেফতার নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি নগরীর জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীকে মারধর ও ছিনতাই মামলায় গ্রেফতার হয়ে মুক্তি পেয়েছিলেন। তিনি কারাবন্দি জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি পিযুষ কান্তি দের অনুসারী হিসেবে পরিচিত। ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নেন নিজু। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে।
মামলায় কিশোরীর পরিবার অভিযোগ করেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাসার ছাদে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। এরপর মেয়েটির সঙ্গে মুঠোফোনে কথা হলে নিজু তাঁকে হুমকি দিয়ে বলেন, এই ঘটনায় কেউ তাঁর কিছুই করতে পারবে না।
গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যে এই কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেল। এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামিরাও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচিত। যদিও মামলার এজাহারে পরিচয়ের বিষয়টি উল্লেখ করা হয়নি।
এমবি





