রাজধানীর নবাবপুর ও সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে হাজী নাসিরউদ্দিন (৪৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নবাবপুর চিশতিয়া মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তখন মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা নাসিরউদ্দিনের গলার বাম পাশে এবং ওইখান দিয়ে যাওয়ার সময় ফোরকান আলী (৩৫) নামে একজনের গলার ডান পাশে স্প্লিন্টার বিদ্ধ হয়।

প্রথমে নাসিরউদ্দিনকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান মোজাম্মেল হক।

মোজাম্মেল হক জানান, আহত নাসিরউদ্দিনের বাড়ি পুরান ঢাকার বংশালের বি কে গাঙ্গুলী লেনে। তিনি ওই লেনের ৪৭ নম্বর নিজ বাড়িতে পরিবারের সাথে বসবাস করেন। অপরদিকে ফোরকান আলী রামপুরা আইডিয়াল স্কুলের নিরাপত্তা প্রহরী।

মোজাম্মেল হক আরও জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেগুনবাগিচা রাজস্ব বোর্ডের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে রিকশাচালক আমিরুল ইসলাম (২৭) ও ফজলুল হক (৪২) আহত হন। তারা দু’জনই ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

কেএইচ