কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বুধবার যুবলীগের এক নেতার দুই পায়ের রগ কেটে ও দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। আহত যুবলীগ নেতা উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোহাম্মদ নূরুল আবছার (৩২)।

আবছার ইউনিয়নের ফকিরাকাটা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। যুবলীগ নেতার বাবা মোহাম্মদ হোসেন সাংবাদিকদের জানান, পূর্বশত্রুতার জের ধরে বিকেলে একদল চিহ্নিত দুর্বৃত্ত তার ছেলের ওপর হামলা চালায়। তারা আবছারের দুই পায়ের রগ কেটে দেয়। এ সময় তারা উপড়ে ফেলে তার দু’চোখও।

আহত আবছারকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা ৭টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে হামলার এ ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

জেআই