বগুড়ার শেরপুরে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাজু কামালসহ তিন জনকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ভোরে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৩/৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ভবানীপুর কালিবাড়ী গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুর রউফ (৩২) ও পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের খিয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল (২৭)।

দুপুর ২টার দিকে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে ঘটনার পর থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ভবানীপুর ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রউফ ও সোহেলকে আটক করা হয়েছে। তাদের মধ্যে- রউফের বিরুদ্ধে শেরপুর থানাসহ আশেপাশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ছয়টি মামলা রয়েছে।

এদিকে, দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত ছিল। তবে, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি বলে পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান।

এর আগে, রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা-ভবানীপুর আঞ্চলিক সড়কের আমিনপুর আঁশগ্রামের তেঁতুলতলা পুকুরপাড় এলাকায় গতিরোধ করে ডাকাতরা পুলিশ কর্মকর্তাসহ তিন জনকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

কেএইচ