নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় রাজু আহম্মেদ (২২) ও রবিউল করিম (৩০) নামে ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ওই উপজেলার রাজাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং রাজু সদর উপজেলার চর-তেবাড়িয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, সকাল ছয়টার দিকে আইড়মাড়ি ব্রিজ এলাকায় ড্রাম বোঝাই ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়লে দুই হেলপার রাজু ও রবিউল ট্রাকের নিচে ঢুকে ইঞ্জিনের কাজ করছিলেন।

এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে। তবে নিহতদের স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমকে