সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি যদি ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্স।
পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় বৃহস্পতিবার বিকেলে এ আহ্বান জানানো হয়।
কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের ওই বার্তায় বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এ ধরণের কাজ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সবাইকে অনুরোধ জানাচ্ছে।
জারিফ





