নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালের সুপার ডা. গৌতম রায়সহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে আইসোলেশনে আছেন।
এখন পর্যন্ত হাসপাতালটিতে ৩ জন চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা বেড়ের দাড়িয়েছে ১৬ জনে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে হাসপাতালটির সুপার ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক প্রথম করোনা আক্রান্ত হন। পরে ওই হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্ত হন হাসপাতাল সুপারের সহকারীও (পিএ)। এরপর ওই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
তাদের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনায় নতুন করে আরও ১৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতাল সুপার, নার্স, অফিস সহকারী, স্টোরকিপার ও ওয়ার্ডবয় রয়েছেন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপার ডা. গৌতম রায় বলেন, হাসপাতালের স্টাফসহ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আমিও করোনা পজেটিভ, বর্তমানে আইসোলেশনে আছি।
তিনি আরও বলেন, চিকিৎসকরা আক্রান্ত, স্টাফ আক্রান্ত। এভাবে তো আর চিকিৎসা দেয়া যাবে না। এতে অন্যরাও আক্রান্ত হবেন। স্বাস্থ্য বিভাগে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





