গাজীপুরে গণপিটুনিতে আহত মোস্তফা কামাল (৪০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন।

এর আগে বুধবার গভীর রাতে কালিয়াকৈর উপজেলার কালামপুর পূর্বপাড়া (ভুলোয়া) এলাকায় চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়।

মোস্তফা মুন্সীগঞ্জের লৌহজং থানার ভোগদা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বুধবার গভীর রাতে মোস্তফা কালিয়াকৈরের কালামপুর পূর্বপাড়ায় (ভুলোয়া) জামাল উদ্দিন নামে একজনের দোকানের তালা ভেঙে মালামাল চুরি করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়।

কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, খবর পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি।

এআর