সংগঠনের নেতা মো. রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হরতাল ডেকেছে যুবলীগ।

শনিবার দুপুরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভা থেকে অর্ধদিবস  হরতালের ডাক দেন উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া ।

বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের ওই প্রতিবাদ সভায় হিরু মিয়া ছাড়াও  কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

রফিকুলের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। একইসঙ্গে রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কালিয়াকৈরে হরতালের ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার বিকালে ২১ অগাস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভায় ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।

ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে তার ময়নাতদন্তের পর বেলা ১২টার দিকে এলাকাবাসী ও স্থানীয় দলীয় নেতা-কর্মীরা কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার (বাইপাস) এলাকায় রফিকুলের লাশ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আটকে মিছিল করে।

পরে বেলা আড়াইটার দিকে স্থানীয় গোলাম নবী মডেল পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে উপজেলার চাপাইরে পারিবারিক কবরস্থানে যুবলীগ নেতা রফিকুলকে দাফন করা হয়।

এএইচ