পাঁচশত টাকা চাঁদা চেয়ে না পেয়ে নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বিকালের দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের বাঙালিপুর মহল্লার সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকায় তার নিজবাড়িতে। এ ঘটনায় ওয়াসিম (২০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ওই এলাকায় মৃত মুক্তিযোদ্ধা মহররম আলীর মেয়ে মোবাশ্বেরা বেগম তার পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। এলাকার ১৫ থেকে ২০ জন নেশাখোর দলবল এসে পাঁচশত টাকা চাঁদা দাবি করে। মুক্তিযোদ্ধার মেয়ে বখাটেদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে বখাটেররা মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে মোবাস্বেরা বেগম নিজে বাদী হয়ে রাব্বী, মাজেদুল, আতিয়ার, রাহাত লোহানী, ফেরদৌস, মালেক, শুভ, সুজন ও ওয়াসিম ও অজ্ঞাত ১০ জনের নাম উল্লেখ করে রাতেই থানায় মামলা করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ওয়াসিম নামে একজনকে গ্রেফতার করেছে।
কেএইচ





