পাবনার হেমায়েতপুর উপজেলার সম্বলপুর ঘাটে ৪৭তম বার্ষিক গঙ্গা স্নান উৎসব উদযাপিত হয়েছে। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৭তম আবির্ভাব দিবসে হাজার হাজার পূণ্যার্থী এ উৎসবে অংশ নেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শুভ জন্মলগ্ন ঘোষণা ও সমবেত বিনতি প্রার্থনা করা হয়। এছাড়া বেলা ১১টায় ঋত্বিক সম্মেলন, সাড়ে ১১টায় মাতৃ সম্মেলন, দুপুর দেড়টায় আনন্দবাজারে প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যা ৬টায় সমবেত বিনতি প্রার্থনা ও বিভিন্ন ধর্মগ্রন্ত পাঠ এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে বলে আয়োজকরা জানান।
রাতে পাবনা শহরের রফিকুল ইসলাম বকুল স্মৃতি পৌর মুক্ত মঞ্চে বিশেষ ধর্মালোচনা সভা ও আর্বিভাব স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করবেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. মো. হেদায়েতুল ইসলাম।
সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি শ্রী কুঞ্জবিহারী আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মালোচনা সভা ও আবির্ভাব স্মারক গ্রন্থের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী গণেশ চন্দ্র ঘোষ।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. মোস্তফা তারিকুল আহসান, পাবনা শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল করিম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





