রাজধানীর দক্ষিণখানে একটি বাসায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচ তরুণ ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আবদুর রহমান স্বাধীন (১৮), আরিয়ান (১৯), আবদুর রহমান সজীব (১৮), মো. নাজমুল হুদা শাওন (২৮) ও শাকিল (২৮)।

রোববার দুপুরে ওই কিশোরী থানায় এসে অভিযোগ করেন বলে দক্ষিণ খান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকনুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, “৪০ নম্বর মুক্তিযোদ্ধা রোডের একটি বাসায় ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ওই কিশোরী জানায়।

সে বাদী হয়ে মামলা করার পর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।”

এই ধর্ষণে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে বলেও জানান পুলিশ কর্মকর্তা রোকনুজ্জামান। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, ওই কিশোরীর মা নেই। বাবা আরেকটি বিয়ে করে আলাদা থাকেন। দক্ষিণখানের একটি বাসায় সে দাদির কাছে থাকে। দাদি বিভিন্ন মেসে মানুষের রান্নার কাজ করেন।

এক বন্ধু ফুচকা খাওয়ানোর কথা বলে কিশোরীটিকে ওই বাড়িতে নিয়েছিল বলে জানান ওসি।

ওএফ