নাটোরের সিংড়া উপজেলা থেকে এয়ারগানসহ একজন পাখি শিকারিকে আটক করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর একটি টহল দল মঙ্গলবার বিকালে উপজেলার নিংগাইন গ্রামে অভিযান চালায়।
এসময় ওই এলাকার আলহাজ ইসমাইল হোসেনের ছেলে আজগর আলীকে এয়ারগান এবং শিকারকৃত চারটি বুলবুলি ও একটি কাঠঠোকরাসহ আটক করা হয়। তবে ক্ষমা প্রার্থনা করায় এয়ারগানটি জব্দ করে আজগর আলীকে ছেড়ে দেয়া হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর ফরেস্টার আমজাদ হোসেন জানান, আটককৃত শিকারি আজগর আলী বন্য প্রাণী আইন ও পাখি শিকারের অপরাধের অজ্ঞতা ও দোষ স্বীকার করেন।
এরপর তিনি এ ধরনের অপরাধ আগামীতে করবেন না বলে মুচলেকা দেন। অঙ্গীকার করায় এবং স্থানীয়দের অনুরোধে তাকে প্রথমবারের মতো ক্ষমা করা হয়। তবে আটককৃত এয়ারগানটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





