রাজধানীর আদাবর এলাকার মুনসুরাবাদের একটি বাসা থেকে আড্ডারত অবস্থায় সাত যুবককে আটক করেছে আদাবর থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আদাবরের মুনসুরাবাদের একটি বাসা থেকে তাদেরকে আটক করে।

আটকৃতরা হলেন, জাহাঙ্গির হোসেন (৩৩), মো. জীবন (২৩), মো. সালাম (৫৫), শরিফুল ইসলাম (২০), মো. সুমন (২৬), লাভলু (৪৫) এবং শরিফ (৪২)।

আদাবর থানার দ্বায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তার কাছে আটকের ব্যাপিারে জানতে চাইলে তিনি উপ পরিদর্শক (এসআই) মাজহারের সাথে যোগাযোগ করতে বলেন।

এসআই মাজহারের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, আদাবরের মুনসুরাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

তবে তিনি সকালে আটকের কথা উড়িয়ে দিয়ে বলেন, তাদেরকে দুপুর তিনটার দিকে আটক করা হয়েছে।

তাদেরকে কোন অভিযোগে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার সন্দেহে আটক করেছি। তবে তাদের কাছ থেকে কোন রকম  নাশকতার জিনিস পত্র পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, "আমরা যখন তাদেরকে আটক করি তখন তারা এক সাথে একটি ফ্যান বিহীন বাসায় দরজা-জানালা দিয়ে বসে ছিলো। তাই আমরা ধারনা করছি তারা কোন নাশকতার পরিকল্পনা করছিলো"।

"তাদের বাড়ি ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। তারা সবাই যুবক। কেন তারা একটি বাসার দরজা-জানলা বন্ধ করে বসে ছিলো। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তারা নাশকতার জন্যে একত্র হয়েছিলো। তবে তাদের কাছ থেকে কোন নাশকতা মূলক কর্মকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়নি" বলেও জানান তিনি।

এসআই বলেন, "তবে তাদের বিরুদ্ধে কোন নাশকতার অভিযোগ বা তেমন কোন প্রমাণ না পাওয়া গেলে আমরা তাদেরকে অবশ্যই ছেড়ে দিবো"।

জানাযায়, শুক্রবার সকালে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকদের মধ্যে দু'জন মেডিকেল ভর্তি পরিক্ষার্থীও আছে বলে জানাযায়।

এমআর