হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পার্বত্য চট্টগ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে থাকা বিভিন্ন স্থাপনার নামফলক দ্রুত অপসারণ, রাজাকারের বংশধর বর্তমান চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের অপসারণ ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সংগঠণটির সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল মজিদ।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের রায় অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষকে পার্বত্য চট্টগ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে থাকা বিভিন্ন স্থাপনা, সড়ক ও প্রতিষ্ঠানে নাম পরিবর্তনের জোর দাবি জানান। পাশাপাশি রাজাকারের বংশধর বর্তমান চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের অপসারণ ও সম্পত্তি বাজেয়াপ্তেরও দাবিও জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। শাপলা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, মাটিরাঙা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, খাগড়াছড়ির বাসিন্দা হেলাল উদ্দিন ও রাঙামাটির বাসিন্দা বদিউজ্জামানের করা রিটের প্রেক্ষিতে গত ২২ মে হাইকোর্ট ৯০দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে থাকা চিহ্নিত যুদ্ধাপরাধী রাজা ত্রিদিব রায়ের নাম অপসারণের আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

অাবুবকর/জারিফ