বগুড়ায় ১২টি তাজা হাতবোমাসহ খোরশেদ আলম ওরফে খোরশেদ মেম্বার (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা রোববার রাতে গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামে তার বাড়ি থেকে খোরশেদ আলমকে গ্রেফতার করে।
খোরশেদ আলম রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সোমবার দুপুরে র্যাব সদস্যরা তাকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করেছে।
খোরশেদ আলমের বিরুদ্ধে র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হোসেনপুর খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে টিনেসেড ঘরের ভেতর থেকে ১২টি হাতবোমা উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, র্যাব সদস্যরা খোরশেদ মেম্বারকে ১২টি হাতবোমাসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেআই





