দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়।

নিহত আরিফুল পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার বিকালে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর বাইতুল আমান ফাজিল মাদ্রাসা মাঠে আরিফুল ও আকরাম আলীসহ একদল তরুণ ক্রিকেট খেলছিলেন।

এসময় ওই দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্দ আকরাম ব্যাট দিয়ে আরিফুলের মাথায় আঘাত করেন। এতে আরিফুল গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই আরিফুলকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল আলম জানান, এ ঘটনায় ঘাতক আকরাম আলীকে (১৬) আটক করা হয়েছে। আকরাম গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং বায়তুল আমান ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

কেএইচ