দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন্স নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। গত রবিবার এ রুটে চলাচলকারী দুটি জাহাজ উত্তাল সাগরের কারণে মাঝপথ থেকে ফিরে আসে। গতকাল সোমবারও কোন জাহাজ সেন্টমার্টিন্সে যেতে পারেনি। ইতোমধ্যে সোমবার দুপুরে পাঁচটি মাছধরা ট্রলারে প্রায় দেড় শতাধিক পর্যটক কোস্ট গার্ডের সহায়তায় টেকনাফ ফিরে আসে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকায় অপর প্রায় দুই শতাধিক পর্যটককে টেকনাফে ফিরতে সম্মতি দেয়নি কোস্টগার্ড।
সেন্টমার্টিন্স কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার লে. লুত্ফর রহমান জানান, আটকেপড়াদের মধ্যে ১৩০ জন পর্যটক গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ডের তত্ত্বাবধানে পাঁচটি ট্রলারে শাহপরীরদ্বীপ হয়ে টেকনাফে ফিরে আসে। এখনও দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিন্সে আটকা পড়েছে। তারা সেন্টমার্টিন্সের হোটেলে যার যার অবস্থানে রয়েছেন। সাগর উত্তাল থাকায় ফিরতে পারেননি তারা। সাগর কিছুটা শান্ত হলে সেন্টমার্টিন্সে থাকা অবশিষ্ট পর্যটকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
সেন্টমার্টিন্স ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, পর্যটকদের খাবার বা অন্য কোন ধরনের সমস্যা নেই।
জেলা প্রশাসনের অনুমতি নিয়ে গত ১ আগস্ট থেকে দুটি পর্যটক জাহাজ এলসিটি কুতুবদিয়া ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিন্স চলাচল শুরু করলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার থেকে সেন্টমার্টিন্স যেতে পারেনি জাহাজ দুটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান, এ মৌসুমে জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ না ছাড়ার এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





