বিচারকদের ওপর হামলা আর রাষ্ট্রের ওপর হামলা একই বলে মন্তব্য করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘যারা রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কাজ করে তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড হবে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কেউ করবে তখনই আমাদের খবর দিবেন। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা করা দরকার তা করব।’

গুলশানে সাবেক প্রতিমন্ত্রীর ওপর মঙ্গলবার হামলার ঘটনায় র‌্যাবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধায় পুলিশের উপস্থিতিতে বেশ কয়েকটি গাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারটি আমার জানা নেই। সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রংপুরে যাত্রীবাহী বাসে নাশকতার পর র‌্যাবের কি ভূমিকা ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। র‌্যাব প্রথম থেকেই অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করছে।’

এএইচ