স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনাটি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। খুব শীগ্রই এর রহস্য উদঘাটন করা হবে। কে বা কারা এ খুনের ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে।
চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনাস্থল পরিদর্শনে এসে বুধবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল এসব কথা বলেন।
এ ধরনের হত্যাকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই এ ধরনের হত্যাকান্ড নিরাপত্তার জন্য হুমকি। এ সব হত্যাকাণ্ডে মোটিভ থাকে। এই হত্যাকাণ্ডের পেছনে মোটিভ ছিল কিনা তা তদন্তের ফলাফলে জানা যাবে।
এসময় তার সঙ্গে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রাত সোয়া ৯টায় রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





