বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিটন ওরফে রিগেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (০৪ জুন) দিনগত রাত ২টার দিকে শহরতলীর মাটিডালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।
লিটন চকসূত্রাপুরের মৃত আবুল কাশেমের ছেলে। বর্তমানে তিনি ফুলবাড়ি মধ্যপাড়ায় বাস করছিলেন। ডিবির দাবি, লিটন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় ৫টি মাদকের মামলা রয়েছে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তী জানান, রাতে একদল মাদক ব্যবসায়ী মাটিডালী বিমান মোড়ের পাশে কমার্স কলেজ সংলগ্ন এলাকায় মাদকের চালান হাতবদল করছে-এমন সংবাদে ডিবি পুলিশ অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি চাপাতি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপারের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ ডিবি পুলিশের কনস্টেবল মিন্টু ও কালাম আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এমবি





