সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দামোধরতুপি এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও চালক নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা রোগী বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামে আবু বকর (৫৫) ও অ্যাম্বুলেন্সের চালক জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামে কদর মিয়া (২৮)।

আবু বকরের ছেলে হাবিবুর রহমান বলেন, তার বাবা সুনামগঞ্জ শহরের আর এম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাত ১২টার দিকে তারা তিনজন একটি অ্যাম্বুলেন্স নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন। পথে দামোধরতুপি এলাকায় গিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় তিনি অ্যাম্বুলেন্স থেকে বের হতে পারলেও চালক কদর আলী ও রোগী আবু বকর বের হতে পারেননি। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ