যানজট নিরসনের সময় ট্রাফিক পুলিশের একটি রেকার ভাংচুর করেছে পরিবহন শ্রমিকরা। এসময় মো. সোহাগ নামে এক কনস্টেবল আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্রগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ির শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগর ট্রাফিক পুলিশ উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) নজরুল ইসলাম জানান, সড়কের ওপর ট্রাক রেখে যাওয়ার কারণে সকালে মাদারবাড়ি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে একটি রেকার ওই এলাকায় পাঠানো হয়।
রেকারটি সড়কের উপর রাখা একটি ট্রাক সরাতে গেলে কিছু দালাল ও পরিবহন শ্রমিক হামলা
চালায়। হামলায় রেকারটিতে ব্যাপক ভাংচুরের পাশাপাশি ভেতরে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর আমরা ওই ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে।
আটক ট্রাক চালককে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
জেএ





