রাজবাড়ী সদরে মো. দেলোয়ার হোসেনের বাড়িতে আগুনে পুড়ে তিনটি গরু মারা গেছে। এ সময় দেলোয়ারের দুটি বসতঘরও পুড়ে গেছে।

উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে সোমবার রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার পোটোয়ারী জানান, রাতে বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনে গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে মারা গেছে। বসত ঘরে থাকা নগদ সাত হাজার টাকা, আসবাবপত্র, জামা-কাপড়, বই-খাতাসহ সব পুড়ে গেছে। এতে তারা সর্বশান্ত হয়ে গেছে। এখন তাদের খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. ফজলুল হক মণ্ডল জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেএইচ