পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হাসান আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খুলনার কয়রায় সুন্দরবনের হংশরাজের চরে এ ঘটনা ঘটে।
নিহত হাসান আলী বনদস্যু বলে দাবি করেছে পুলিশ। খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানা ঘটনাস্থল থেকে একটি বিদেশী বন্দুক ও দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগনের গাবুরা থেকে বনদস্যু হাসান আলী সানাকে আটক করে।
রাত ৩টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে সুন্দবনের হংসরাজের চরে গেলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাসান আলী সানার লাশ উদ্ধার করে। একই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী বন্দুক, তিনটি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করে বলে জানান হরেন্দ্রনাথ।
ওসি আরো জানান, হাসানের নামে খুলনার উপকূলীয় তিনটি থানায় ৫টি মামলা রয়েছে। হাসানের বাড়ি কয়রা উপজেলায়। লাশ বর্তমানে কয়রা থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।
এআর





